নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে বিপুল পরিমাণ অস্ত্র লুটের ঘটনা ঘটেছিল। তবে এর মধ্যে অধিকাংশ অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অল্প কিছু অস্ত্র এখনো উদ্ধার বাকি থাকলেও তা চলমান রয়েছে এবং এসব অস্ত্র নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি বলেন, পোস্টাল ব্যালট একটি নতুন ব্যবস্থা। ফলে শুরুতে কিছু ভুলত্রুটি হতে পারে। তবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।
মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির উপস্থিত ছিলেন।





